আসছে ২০ ডলারে নতুন স্মার্টফোন!

২৮ নভেম্বর, ২০১৯ ২০:৫৫  
আগামী ২০২০ সালে ২০ ডলারে নতুন স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সাশ্রয়ী মূল্যে মোবাইল বাজারজাতের এমন সম্ভাব্যতা খতিয়ে দেখতে জোট বেঁধেছে ফ্রান্সের অপারেটর অরেঞ্জ, ভারতের রিলায়েন্স জিও এবং দক্ষিণ আফ্রিকার এমটিএন। নিম্ন আয়ের মানুষে বৈশ্বিক যোগাযোগ বাধা দূরিকরণে এই উদ্যোগ নেয়া হয়েছে। মোবাইল ওয়ার্ল্ড লাইফ এর তথ্য অনুযায়ী, ভারত ও আফ্রিকার বাজারকে লক্ষ্য করেই মূলত এই ফোনগুলো উৎপাদন করা হবে। এ বিষয়ে ভেন্ডরদের কাছে চাহিদা পত্র (আরএফআই) পাঠিয়েছে এই গ্রুপটি। এই দামে সেট বিক্রির নিশ্চয়তা চেয়ে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে। এদিকে যদি সত্যিই এই ২০ ডলারে নতুন স্মার্টফোন বাজারজাত করা হয় তবে বিষয়টির প্রচারণায় সহায়তা করার আশ্বাস দিয়েছে মোবাইল অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ। অপরদিকে প্রস্তাবনা অনুযায়ী, উৎপাকদকেরা ইতিমধ্যেই ন্যূনতম ফিচারের বর্ণনা দিয়ে থ্রিজি ও ৪জি স্মার্টফোন এবং ৪জি স্মার্ট ফিচার ফোনের সরবরাহ ব্যয় জমা দিতে শুরু করেছেন। সেখানে পুরোপুরি নতুন কম্পোনেন্ট ব্যবহার স্মার্টফোন তৈরির এই প্রস্তাব দেয়া হচ্ছে।